Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 14 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

জেলা প্রতিনিধি: যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান মূল্য দুই কোটি টাকা।

বুধবার (১৪ ডিসেম্বর) উপজেলার তিলকপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে স্বর্ণসহ আটক করা হয়। আটক ব্যক্তির নাম নাজমুল হোসেন। তিনি চৌগাছা উপজেলার ঝিনাইকুন্ডু গ্রামের শরিফুল আলম বাবুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বিজিবির একটি টহল দল তিলকপুর সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। তিলকপুর গ্রামের পাকা রাস্তার ওপর দিয়ে একজন মোটরসাইকেল আরোহী চৌগাছা থেকে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলেন। টহল দল থামার সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে আটক ব্যক্তিকে তল্লাশি করে তার পরিহিত সোয়েটারের মধ্য থেকে সুকৌশলে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি। যার বর্তমান মূল্য দুই কোটি টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিনিয়োগবার্তা/এমআর/কুরজা//