
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, পাকিস্তানিরা দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। তাই তারা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের হত্যা করেছে। কিন্ত তাদের জানা ছিল না- বাঙালি জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি সেদিন ঝাঁপিয়ে পড়েছিল। বুকের তাজা রক্ত আর সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা এনেছে।
বুধবার (১৪ ডিসেম্বর) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে পারলে এবং আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পারলে কেউ আর এ দেশের কোনো ক্ষতি করতে পারবে না।
তিনি আরো বলেন, যারা স্বাধীনতাবিরোধী জামায়াত-আলবদরদের প্রতিষ্ঠিত করেছিল, তারা আবার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাদের সম্পর্কে সবাইকে সজাগ থেকে আগামী প্রজন্মকে ৭১ সালের ভয়াবহতার সঠিক ইতিহাস জানাতে হবে।
সভায় উপস্থিত ছিলেন- পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান, জেলা পরিষদ নির্বাহী রেবেকা খান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউনুফ জাকী প্রমুখ।
বিনিয়োগবার্তা/এমআর//