
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে বিশ্বব্যাংক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিবসহ সবাই বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। অথচ স্বাধীনতার পাঁচ দশক পরও স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিরা বিদেশিদের কাছে দেশ সম্পর্কে নানা ধরনের ভুল তথ্য দিচ্ছে। দেশে-বিদেশে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের প্রত্যয় হচ্ছে দেশবিরোধী সমস্ত অপশক্তিকে দমন করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া।
তিনি আরো বলেছেন, বাংলাদেশ আজকে মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ গত ১৪ বছরে অভাবনীয় উন্নতি করেছে।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা এটি হচ্ছে। আমাদের স্বপ্ন হচ্ছে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি পরিপূর্ণ উন্নত দেশে রূপান্তর করা।
বিনিয়োগবার্তা/এমআর//