
নিজস্ব প্রতিবেদক: দুর্বল সুশাসন ও সংস্কারের অভাবে ব্যাংক খাত ধারাবাহিকভাবে দুর্বল হচ্ছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
সংস্থাটি জানায়, দেশে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। ব্যাংকগুলোতে মূলধনের ঘাটতি রয়েছে। প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক, আইন ও তথ্যগত দুর্বলতার কারণে ব্যাংকিং খাতে দুর্বলতা দেখা যাচ্ছে। অনান্য বিভিন্ন সূচকেও দুর্বলতা দেখা যাচ্ছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে মহাখালীর ব্র্যাক-ইন সেন্টারে ‘সংকটে অর্থনীতি: কর্মপরিকল্পনা কী হতে পারে?’ শীর্ষক সিপিডি সংলাপ অনুষ্ঠানে সংস্থাটির পক্ষ থেকে এসব কথা বলা হয়।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ব্যাংক খাতের দুর্বলতা কোভিডের কিংবা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে নয়। এই খাত দীর্ঘদিন ধরে দুর্বলতার মুখোমুখি।
তিনি আরও বলেন, খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে। এটার যদি উন্নতি না হয় তাহলে ব্যাংকগুলোতে মূলধনের ঘাটতি রয়েই যাবে। খেলাপি ঋণের পরিমাণ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। যেটা দেখানো হয়, খেলাপি ঋণের পরিমাণ তারচেয়েও বেশি। এটা অর্থনীতিবিদরা এবং আইএমএফ বলছে। স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, লোন যেগুলো রয়েছে কোর্ট ইনজাকশনের মধ্যে এগুলো হিসাব দেওয়া হলে সেটা দ্বিগুণের বেশি হবে।
তিনি জানান, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক, আইন ও তথ্যগত দুর্বলতার কারণে ব্যাংকিং খাতে দুর্বলতা দেখা যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, পিআরআই-এর নির্বাহী পরিচালক ড. আহসান হাবিব মনসুর, বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//