
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দেশটি হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর যে চেতনা ও আদর্শ ছিলো, সেটি বাস্তবায়ন হচ্ছে।
রবিবার (১৮ ডিসেম্বর) নড়াইলে রামকৃষ্ণ মিশন চিকিৎসাসেবা কেন্দ্রের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এসময় তিনি রামকৃষ্ণ মিশনের অভ্যন্তরীণ একটি সড়কেরও উদ্বোধন করেন। পরে প্রতিমন্ত্রী বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে আশ্রম চত্বরে মতবিনিময় সভায় মিলিত হন।
তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। আওয়ামী লীগ সরকারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা-চেতনা ধারণ করে বলেই আজ সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে। দেশে আজ যে উন্নয়ন হচ্ছে সবকিছুই সরকারের অসাম্প্রদায়িক চেতনা ও আদর্শের কারণেই বাস্তবায়ন হচ্ছে।
নড়াইল রামকৃষ্ণ মিশনের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, রামকৃষ্ণ মিশনের উপাধ্যক্ষ স্বামী আরাধনানন্দ প্রমুখ।
বিনিয়োগবার্তা/এমআর//