
নিজস্ব প্রতিবেদক: মালবাহী ট্রাক ও বুলডোজার দ্বারা রাস্তাঘাটের ক্ষতিসাধন ঠেকানোর জন্য কার্যকরী পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রবিবার (১৮ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩০তম বৈঠক কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), মোঃ আফতাব উদ্দিন সরকার, মাসুদ উদ্দিন চৌধুরী এবং কানিজ সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে দেশের ঘুর্ণিঝড়প্রবণ জেলাসমূহের বিভিন্ন উপজেলায় ও নদী ভাঙ্গনপ্রবণ উপজেলাসমূহে প্রাকৃতিক দুর্যোগকালে জনসাধারণ, গৃহপালিত প্রাণিদের নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে নির্মানাধীন মুজিব কিল্লাসমূহের নির্মাণ কার্যক্রমের হালনাগাদ অবস্থা এবং সংস্কার ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া, জাতীয় দুর্যোগ উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকের আয়োজন সম্পর্কে মতামত প্রদান ও বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে প্রাকৃতিক দুর্যোগকালীন পরিস্থিতি ছাড়াও মুজিব কিল্লাগুলোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণের স্বার্থে বছরের অন্যান্য সময়েও এলাকার জনগণের কল্যাণমূলক কাজে ব্যবহারের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।
দুর্যোগ মোকাবেলায় এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে মন্ত্রণালয়ের বাজেট সুষ্ঠুভাবে ব্যবহারের বিষয়ে বৈঠকে গুরুত্বারোপ করা হয়। আসন্ন শীতে কম্বল ক্রয়ের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ প্রদান করা হয়।
বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্য, মুক্তিযুদ্ধের শহিদ ও প্রয়াত সংসদ সদস্যগণের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং প্রধানমন্ত্রী, স্পীকার, অন্যান্য সংসদ-সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//