Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 19 Dec 2022 23:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নাগরিকদের হয়রানি লাঘবে ভূমি সেবায় কাস্টমার কেয়ার চালুর উদ্যেগ নিয়েছে সরকার। নতুন বছরের প্রথম মাসে এই সেবা চালু করা হবে। কাস্টমার কেয়ার সেন্টারটি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনে স্থাপন করা হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের সাথে আইসিটি বিভাগের আওতাভুক্ত এ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর মধ্যে অনুষ্ঠিত এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ভুমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ এই তথ্য জানান। 

ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো: জাহিদ হোসেন পনির, পিএএ এবং এটুআই প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

ভূমি সচিব বলেন, ১৬১২২ কিংবা ৩৩৩ এ কল করে ভূমি সেবা গ্রহণ করার সাথে সাথে নাগরিকগণ ইচ্ছে করলে কাস্টমার কেয়ার সেন্টারে সরাসরি এসে আইনি পরামর্শ এবং বিভিন্ন ধরণের ভূমিসেবা যেমন ই-নামজারি, ভূমি উন্নয়ন কর ইত্যাদি সেবা গ্রহণ করতে পারবেন। প্রাথমিকভাবে ৯ জন কাস্টমার কেয়ার সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে এই সেবা দেওয়া হবে।

সমঝোতা স্মারক সাক্ষরের ফলে জাতীয় কলসেন্টার ৩৩৩ এবং ভূমিসেবা কলসেন্টার ১৬১২২ এর মধ্যে আন্তঃসংযোগ হবে। এ আন্তঃসংযোগের ফলে ৩৩৩ কলসেন্টার থেকে প্রাপ্ত ভূমিসেবা সংক্রান্ত কলসমূহ ১৬১২২ হেল্পলাইনে রেফার করা হবে এবং ১৬১২২ হেল্পলাইনে রেফারকৃত কলের সংখ্যা ধারাবাহিকভাবে প্রতিদিন ৩৩৩ হেল্পলাইনের সাথে সমন্বয় করা হবে। এই দুটি সিস্টেমের মধ্যে উপাত্ত তথ্য বিশ্লেষণ বিনিময়ের সুযোগ সৃষ্টি হওয়াতে ভূমি সেবা আরও দক্ষ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিববৃন্দ মো: নজরুল ইসলাম, ড. মো: মাহমুদ হাসান ও মোঃ খলিলুর রহমান, এটুআই যুগ্ম প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম সহ ভূমি মন্ত্রণালয় ও এটুআই এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং ভেন্ডরের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ। 

বিনিয়োগবার্তা/এমআর//