
নিজস্ব প্রতিবেদক: সম্ভাব্য খাদ্য ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় কৃষি খাতে গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে দেশে কৃষি উৎপাদন বাড়াতে ব্যাংকগুলোকে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। দেশে কার্যরত ব্যাংকগুলোও এ বিষয়ে কাজ করছে। ফলে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর’২২) কৃষি ও পল্লী ঋণ খাতে ঋণ বিতরণের পরিমান আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রিয় ব্যাংকের তথ্য মতে, চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) কৃষি ও পল্লিঋণ খাতে ১২ হাজার ৭৭৭ কোটি টাকা বিতরণ করেছে দেশের বিভিন্ন ব্যাংক। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৬৮ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে বিতরণ হয়েছিল ১০ হাজার ৭৭৩ কোটি টাকা। ২০২১-২০২২ অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৮ হাজার ৩৯১ কোটি টাকা, তবে ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিতরণ করেছে।
চলতি অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৯১১ কোটি টাকা। অর্থবছরের প্রথম পাঁচ মাসেই লক্ষ্যমাত্রার ৪১ দশমিক ৩৪ শতাংশ ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। এই পাঁচ মাসে রাষ্ট্র মালিকানার ব্যাংকগুলো ৫ হাজার ৫৯ কোটি বা লক্ষ্যমাত্রার ৪৩ শতাংশ বিতরণ করেছে। আর বিদেশি ও বেসরকারি খাতের ব্যাংকগুলো ৭ হাজার ৭১৮ কোটি বা মোট লক্ষ্যমাত্রার ৪০ শতাংশ ঋণ বিতরণ করেছে।
আলোচ্য সময়ে এ খাতে ঋণ বিতরণে শীর্ষে রয়েছে বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটি প্রথম পাঁচ মাসে ঋণ বিতরণ করেছে ৩ হাজার ২৭ কোটি টাকা। যা তাদের মোট লক্ষ্যমাত্রার ৪৬ দশমিক ৫৮ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম ঋণ বিতরণ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। তাদের বিতরণ করা ঋণ মাত্র ২৩ লাখ টাকা। তবে একই সময়ে কোনো ঋণ বিতরণ করেনি বিদেশি কমার্শিয়াল ব্যাংক অব শিলন এবং উরি ব্যাংক লিমিটেড।
দেশে ব্যাংক খাতে কৃষিঋণের স্থিতি বা পরিমাণ ৫০ হাজার ২০৬ কোটি টাকা। চলতি বছরের নভেম্বর পর্যন্ত কৃষি খাতে খেলাপি ঋণ ৪ হাজার ১৩৭ কোটি টাকা, যা মোট ঋণের ৮ দশমিক শূন্য ২৪ শতাংশ।
বিনিয়োগবার্তা/এসএএম//