Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 20 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) ১ কোটি ১৪ লাখ বিদেশী দর্শনার্থী পেয়েছে মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ দেশ দুবাই। এ সংখ্যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ১৩৪ শতাংশ বেশি। খবর: দ্য ন্যাশনাল।

দুবাইয়ের অর্থনীতি ও পর্যটন বিভাগের (ডিইটি) তথ্য অনুসারে, মহামারীর আগে অর্থাত্ ২০১৯ সালের প্রথম ১০ মাসে অঞ্চলটি ১ কোটি ৩৫ লাখ বিদেশী দর্শনার্থী পেয়েছিল। সুতরাং এক্ষেত্রে অঞ্চলটি এখনো ১৫ শতাংশ পিছিয়ে রয়েছে।

সরকারি ভোক্তা ব্যাংকিং প্রতিষ্ঠান এমিরেটস এনবিডির গবেষণা বিশ্লেষক জামাল মাত্তার একটি নোটে বলেন, দুবাইয়ের পর্যটন খাত ২০২২ সালের শক্তিশালী কর্মক্ষমতা বজায় রেখেছে। এমনকি বছরের শেষ তিন মাসে খাতটির পুনরুদ্ধার আরো গতিশীল হয়েছে।

অর্থনীতিকে বৈচিত্র্যপূর্ণ করে তোলার অংশ হিসেবে পর্যটন খাতের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়ে অগ্রসর হচ্ছে ইউএই। এরই অংশ হিসেবে ২০৩১ সাল নাগাদ বার্ষিক হোটেল অতিথির সংখ্যা চার কোটিতে উন্নীত করতে চায় দুবাই। পাশাপাশি এ সময়ের মধ্যে জিডিপিতে পর্যটন খাতের অবদান দাঁড়াবে ১২ হাজার ২৫০ কোটি ডলারে।

বিনিয়োগবার্তা/এসএএম//