
নিজস্ব প্রতিবেদক: ডে-কেয়ার সেন্টারগুলো নিয়মিত পরিদর্শন এবং শিশু একাডেমির কার্যক্রম উপজেলা পর্যায়ে সম্প্রসারণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য একাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
একাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৭তম এই বৈঠক বুধবার কমিটির সভাপতি মেহের আফরোজ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য লুৎফুন নেসা খান, শাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে মূল্যায়ণ উপস্থাপনা ও এর আলোকে মন্ত্রণালয়ের কার্যক্রম ও করণীয় এবং ডে-কেয়ার সেন্টারসমূহের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে সাপে কাটা রোগীদের কমিউনিটি ক্লিনিক এবং কুকুরে কামড়ানো রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষেধক প্রদানের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এছাড়া, সুবিধাজনক সময়ে কমিটি কর্তৃক ঢাকার কয়েকটি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্য, জাতীয় চার নেতা এবং মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ও বিজয়ের মাসের শুভেচ্ছা জানানো হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা প্রধান, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//