Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 24 Dec 2022 03:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোন নিরাপত্তা ঝুঁকি নেই। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সবাই মিলে একসঙ্গে কাজ করলে কোন অপশক্তিই কিছু করতে পারবেনা বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে গৃহিত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

দেশে চলমান রাজনৈতিক উত্তাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, এটাকে আমি রাজনৈতিক উত্তাপ দেখিনা। রাজনীতিতে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে। এটাকে উত্তাপ বলে মনে হয় না, রাজনীতির স্বাভাবিক গতি বলে মনে করি। এটা হবেই যেহেতু সামনে নির্বাচন। তবে এটাকে কেন্দ্র করে অন্য কোন শক্তি কিছু করতে পারবে বলে আমি এটা মনে করি না।

তারপরেও মানুষের মধ্যে একটা আশঙ্কার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মানুষের মধ্যেতো প্রতিক্রিয়া আছেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কতো কথাই আসে, সবই কি সত্যি? মানুষতো ভাবতেই পারে। আমাদের চিন্তার স্বাধীনতা আছে, কথা বলার বাক স্বাধীনতা আছে। আমি সেটা বলতেই পারি ভাবতেই পারি।

‘তবে এটার জন্য কোন থ্রেট আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সবাই মিলে কাজ করলে দেশের জন্য কোন অপশক্তি কিছু করতে পারবে বলে মনে করি না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা পুরোপুরি সক্ষম।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আত্মসমালোচনায় বিশ্বাস করি। আমি অবশ্যই আমার দুর্বলতা থাকলে স্বীকার করবো। দুই জঙ্গি পালিয়ে গেছে, এটা আমাদের ব্যর্থতা। দুইজন জঙ্গি চলে গেছে এবং হয়তো তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই গিয়েছে। তাদেরকে এখনো ধরতে পারিনি, কিন্তু আমাদের অভিযান অব্যাহত রেখেছি।

র‌্যাব প্রধান বলেন, জঙ্গি তৎপরতা অব্যাহত আছে, কিন্তু আমরাও আমাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। পাহাড়ি এলাকায় যে একটা জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ চলছিলো, সেটা আমরা ক্যাপচার করে ফেলেছি। সুতরাং তারা তেমন কিছু করার সুযোগ পাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।

এদিকে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে তিনি বলেন, সম্মেলন উপলক্ষ্যে এখানে বিভিন্ন পয়েন্টে র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স, পেট্রোল পার্টি থাকবে। ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে। বোমা ডিসপোজাল টিম, সাদা পোশাকে সদস্যরা মোতায়েন থাকবে, এবং আমাদের কমান্ডো টিম প্রস্তুত থাকবে। অর্থাৎ যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং সম্মেলনের সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাব ফোর্সেস সর্বাত্ত্বক প্রস্তুতি নিয়েছে।

নিরাপত্তার আশঙ্কা রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা আশঙ্কার কথা বলছি না। আমরা মনে করি ন্যাশনাল যে কোন ইভেন্ট বা এ ধরনের সম্মেলন বা মিটিং গুরুত্বপূর্ণ ইভেন্ট নিরাপত্তাটাকে চিন্তাভাবনা করেই আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা চাই যে কোন একটা অনুষ্ঠান যাতে স্মুথলি হতে পারে। যারা আসবে নিরাপত্তার সাথে আসবে, আর যারা নিরাপত্তার সাথে চলে যাবে।

কোন ধরনের ঝামেলা যাতে না হতে পারে বা বাইরে থেকে যাতে কোন অপশক্তি এসে ঝামেলা করতে না পারে, এটাকে মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিরিকল্পনা করা।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে যারা আসবে তারা আমন্ত্রিত, সবাইকে কার্ড দেওয়া হয়েছে। কার্ড যাচাইয়ের কাজটা করবে মূলত এসবির ফোর্স। আর আমাদের যারা নিরাপত্তার দায়িত্বে থাকবে, আমাদের কাজ হচ্ছে আগতদের সুইপ করা।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//