
নিজস্ব প্রতিবেদক: উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণসমূহ টেইলারিং, ব্লক বাটিক, ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, মাশরুম চাষ, ভার্মি কম্পোস্ট ও মৌ চাষ, শতরঞ্জি ও হস্তশিল্প, ক্রিস্টাল শোপিস ও ডেকোরেটেড মোমবাতি তৈরী, সেলসম্যানশীপ ও ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট, কম্পিউটার সার্ভিসিং এন্ড রিপেয়ারিং ও মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং, কম্পিউটার এপ্লিকেশন প্রোগ্রাম, মটর ড্রাইভিং ইত্যাদি কার্যক্রম আরও সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি।
সোমবার একাদশ জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি মোঃ মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত ৩১তম বৈঠকে এসব পরামর্শ দেয়া হয়। কমিটির সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, মোঃ মুজিবুল হক এবং ফখরুল ইমাম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন হতে ২৩তম অধিবেশন পর্যন্ত ও একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হতে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত, সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতির বিবরণ, বাস্তবায়নের সর্বশেষ অবস্থা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের মধ্যে শিশু দিবাযত্ন কেন্দ্র, কর্মজীবি মহিলা হোস্টেল ভবন নির্মাণ, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন, বাংলাদেশে নারী নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থার উন্নয়ন, গ্রামীন শিশুদের সৃজনশীলতা বিকাশ এবং জেলা পর্যায়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের কমপ্লেক্স নিমার্ণ কার্যক্রম চলমান রয়েছে মর্মে বৈঠকে অবহিত করা হয়।
উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ূ পরিবর্তনজনিত লবনাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ, মাদারীপুর জেলার শিবচর উপজেলা মহিলা প্রশিক্ষণ কেন্দ্র কাম হোস্টেল নির্মাণ, জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ, তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন, সমাজভিত্তিক সমন্বিত শিশু-যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা, জয়িতা টাওয়ার নির্মাণ, জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পসমূহের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়।
আইএমইডির প্রতিবেদন মোতাবেক ২০২১-২০২২ অর্থ-বছরে প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম প্রায় শতভাগ অর্জন করায় মন্ত্রণালয়ের গতিশীল কার্যক্রমের জন্য কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এবং ২০২২-২০২৩ অর্থ-বছরে আশানুরূপ কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করা হয়।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর অতিরিক্ত সচিব, শিশু একাডেমীর মহাপরিচালক, মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//