Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 27 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশকে হস্তক্ষেপ না করতে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমি চাই না রাশিয়ান বা আমেরিকান কোনো লোক আমার অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলাক। ডাজ নট ম্যাটার হু (সেটা যে-ই হোক না কেন)। আমরা চাই প্রত্যেক দেশ জেনেভা কনভেনশন মেনে কাজ করবে। আর আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলাবে না। আমরা পরিপক্ব, স্বাধীন ও সার্বভৌম দেশ। এটা যেন সবাই মনে রাখে। এটা সব দেশের জন্য প্রযোজ্য।’

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। 

সম্প্রতি বাংলাদেশ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থান ও বিবৃতি নিয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্রমন্ত্রীকে। জবাবে তিনি বলেন, ‘এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি বলতে চাই, কোনো দেশেরই আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তারা তাদের বক্তব্য দেবেন, তবে নিয়ম অনুযায়ী। কোনো বিষয়ে যদি কোনো ইস্যু থাকে, অবশ্যই তারা আমাদের জানাবেন। একটি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে জানাতে হবে। আমরা নিশ্চয়ই আমাদের বন্ধুরাষ্ট্রগুলো কোনো প্রস্তাব দিলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেব।’

সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস রাজধানীর শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা মাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলির বাসায় যান। সেখান থেকে বেরিয়ে আসার সময় বাসার বাইরে একদল লোক রাষ্ট্রদূতকে ঘিরে ধরার চেষ্টা করে। পরে নিরাপত্তাকর্মীদের সহায়তায় তিনি সেখান থেকে বেরিয়ে যান। সেদিন দুপুরেই শাহীনবাগের ঘটনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেন পিটার হাস। সেখানে তিনি ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার কথা উল্লেখ করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান।

এ ঘটনায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ আনে ঢাকায় নিযুক্ত রাশিয়া দূতাবাস। এছাড়া ২২ ডিসেম্বর মস্কোয় এক ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। শাহীনবাগের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ঘটনাটি মার্কিন কূটনীতিকের তৎপরতার একটি প্রত্যাশিত ফলাফল। বাংলাদেশের নাগরিকদের অধিকারের প্রতি যত্নবান হওয়ার অজুহাতে তিনি (পিটার হাস) ক্রমাগতভাবে দেশটির অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলোকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। বাংলাদেশে তার (পিটার হাস) ব্রিটিশ ও জার্মান কূটনৈতিক মিশনের সহকর্মীরাও একই ধরনের কাজ করছেন।

বাংলাদেশকে নিয়ে দুই দেশের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অনেক সেনসিটিভ। কোনো বন্ধুরাষ্ট্র আমাদের ভালো করে কিছু বললে আমরা খুবই সিরিয়াসলি নিয়েছি, হেলাফেলা করিনি। যেখানে যত দুর্বলতা ছিল আমরা দূর করেছি। সুতরাং তারা যদি কোনো ভালো প্রস্তাব নিয়ে আসেন অবশ্যই সেটা গ্রহণ করা হবে। তবে আমি এক্ষেত্রে বলতে চাই এ দেশের গণতন্ত্র, মানবাধিকার কিংবা বিচার—এসব নিয়ে আমাদের সঙ্গে বেশি পরামর্শ করার, মাতব্বরি করার কোনো সুযোগ নেই। কারণ আমরা পৃথিবীর একমাত্র দেশ যার প্রায় ৩০ লাখ মানুষ গণতন্ত্র রক্ষায়, মানবাধিকার রক্ষায়, মানুষের মতো করে বাঁচার জন্য রক্ত দিয়েছিল। ১৯৭১ সালে যখন ডেমোক্রেসি ওয়াজ ডিনাইড (গণতন্ত্র যখন প্রত্যাখ্যাত হচ্ছিল) আমরা তখন যুদ্ধে যাই। সুতরাং আমাদের মজ্জার মধ্যে, প্রতিটি রক্তের কণায় মানবাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র।’

বিনিয়োগবার্তা/ডিএফই//