Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 28 Dec 2022 20:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের পাটকলওয়ারী বিগত তিন অর্থ বছরের লাভ-লোকসানের তুলনামূলক তথ্য এবং ১০(দশ) বছরের সিএজি’র রিপোর্টভূক্ত অনিষ্পন্ন অডিট আপত্তির হালনাগাদ অগ্রগতি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এর মতামত নিয়ে পরবর্তীতে কোন এক বৈঠকে উপস্থানের জন্য সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদের ‘সরকারি প্রতিষ্ঠান কমিটি’র ১৭তম বৈঠক  কমিটির সভাপতি আ, স, ম, ফিরোজ এমপি এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এবং নারায়ন চন্দ্র চন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে পাট পণ্যের দেশীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) এর সামগ্রিক অবদান; বিজেএমসির আওতাধীন পাটকলসমূহের বিদ্যমান অবকাঠামো ও সম্পদের যথাযথ ব্যবহার; নিজস্ব/ইজারার আওতায় পরিচালিত পাটকলসমূহের বাণিজ্যিক পরিচালন এবং বার্ষিক রিপোর্টের উল্লেখযোগ্য বিষয়ে কমিটিকে অবহিতকরণ ও পর্যালোচনা করা হয়।

বিজেএমসি’র প্রকাশিত সর্বশেষ আর্থিক হিসাবের উল্লেখযোগ্য আর্থিক ও ব্যবস্থাপনাগত বিষয়, পাটকলওয়ারী বিগত তিন অর্থ বছরের স্থিতিপত্র, আয়-ব্যয়ের হিসাব, লাভ- লোকসান হিসাবের তুলনামূলক তথ্য কমিটিতে উপস্থাপন ও আলোচনা করা হয়।

এছাড়া, বাংলাদেশের পাটকল এবং পাট শিল্পের বর্তমান সংকট উত্তরণে করণীয়: পাট গবেষণা, পাটকলসমূহ আধুনিকীকরণ ও পাটজাত পণ্য বহুমুখীকরণে বিজেএমসি’র কার্যক্রম ও পরিকল্পনা এবং বিজেএমসি’র আওতাধীন পাটকলসমূহের বিগত ১০(দশ) বছরের সিএজি’র রিপোর্টভূক্ত অনিষ্পন্ন অডিট আপত্তির হালনাগাদ অগ্রগতির সুপারিশ সম্বলিত বিষয়সমূহের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

বিজেএমসি’র নিজস্ব/ইজারার আওতায় পরিচালিত পাটকলসমূহে কি পরিমান পাটজাত পণ্য উৎপাদন হচ্ছে এবং বিদেশের বাজারে কিরূপ চাহিদা রয়েছে তার হালনাগাদ তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির জন্য কমিটি মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করে।

”পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” বাস্তবায়নে পাটের তৈরী ব্যাগ সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ কি পরিমাণ উৎপাদন করছে এবং তা ব্যবহার অব্যাহত আছে কিনা ও ব্যবহার বাড়ানো যায় কিনা তা তদারকি করার জন্য পরামর্শ প্রদান করা হয়।

বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্য, জাতীয় চার নেতা এবং মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ও বিজয়ের মাসের শুভেচ্ছা জানানো হয়।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিজেএমসি-এর চেয়ারম্যান, বিভিন্ন সংস্থাপ্রধানসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//