
নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন করে আরও তিনটি কারখানা সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এতে করে চলতি বছরে সর্বোচ্চ সংখ্যক সবুজ কারখানা (গ্রিন ফ্যাক্টরি) স্বীকৃতি পাওয়ার রেকর্ড অর্জন করলো বাংলাদেশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে সবুজ কারখানা স্বীকৃতির সংখ্যা দাঁড়ালো ৩০টিতে। আর দেশের সর্বমোট সবুজ কারখানার সংখ্যা দাঁড়ালো ১৮৩টি।
নতুন করে স্বীকৃতি পাওয়া কারখানা ৩টি হলো—সুইসটেক্স ভিলেজ, জিন্নাত নিটওয়্যারস লি. (আরএমজি) এবং জিন্নাত নিটওয়্যারস লি. (প্রিন্টিং)।
সংখ্যার হিসেবে ২০২২ সাল সবুজ কারখানার স্বীকৃতি অর্জনে প্রথম বাংলাদেশ (৩০টি)। এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ ২৮টি কারখানা এই স্বীকৃতি অর্জন করে।
এই প্রসঙ্গে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বাংলাদেশি হিসেবে আমরা অত্যন্ত খুশি। একইসাথে পোশাক কারখানা সংশ্লিষ্ট হয়ে তো বটেই। যেমনটি আমরা অনুমান করেছিলাম, এ বছর সর্বোচ্চ সংখ্যক রেকর্ড অর্জন করেছি।
তিনি আরও বলেন, এ বছর একইসাথে ১৫টি কারখানা প্লাটিনাম ক্যাটাগরিতে এই স্বীকৃতি পেয়েছে। কাজেই বোঝা যাচ্ছে শুধু যে স্বীকৃতি পাওয়ার জন্য করা হয়েছে তা না, বরং কারখানাগুলোর গুণগত পরিবেশের যথেষ্ট উন্নতি হয়েছে।
বিনিয়োগবার্তা/এমআর//