
নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভারতের সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকার এ মহাপরিকল্পনা বাস্তবায়নে সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার (২৮ ডিসেম্বর) লালমনিরহাটের মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তিস্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতের সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনা হলে তিস্তা ইস্যু আসবেই। নদী, পানি ও মাটি নিয়ে সরকারের অনেক মহাপরিকল্পনা রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কয়েকটি খসড়া এরই মধ্যে তৈরি করেছে।
বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে এম এ মান্নান বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ভয়ে বিএনপি ভোটে আসতে ভয় পায়। তাই উল্টাপাল্টা বলে ভয় দেখাচ্ছে। আপনারা ভোটে আসুন। সেখানেই নির্ধারণ হবে কার কত জনপ্রিয়তা।
অনুষ্ঠানে মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান প্রমুখ।
বিনিয়োগবার্তা/এমআর//