Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রথম মেট্রোরেলের বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)। সকাল আটটায় মেট্রোরেল চালু হওয়ার কথা থাকলেও প্রথম ট্রেন আগারগাঁও ছেড়ে গেছে সাড়ে আটটার দিকে।

তবে এই ট্রেনে চড়ার জন্য সকাল সাড়ে ছয়টা থেকে লাইনে দাঁড়ায় সাধারণ মানুষ। সকাল ১১টা পর্যন্ত সেই লাইন গিয়ে থেকে আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে ঠেকেছে। এর মধ্যে প্রায় হাজারও মানুষ লাইনে দাঁড়ানো ছিলেন। কিন্তু প্রথম দিন তাদের আর মেট্রোলে চড়ার সুযোগ হলো না। শেষে হতাশ হয়ে ফিরে গেলেন তারা।

সকাল ১১টা ৩০ মিনিটের দিকে দেখা যায়, সময় যত গড়াচ্ছিল লাইনে থাকা মানুষদের ট্রেনে চড়ার সুযোগ ততটাই ক্ষীণ হয়ে আসছিল। আর তাই সাড়ে এগারোটার পর থেকে লাইনে হইহুল্লোড় শুরু হয়ে যায়। এরই মধ্যে একদল লাইন ভেঙে একদম গেটের কাছে চলে আসে। মেট্রোলের নিরাপত্তা কর্মীরা বাধ্য হয়ে গেট বন্ধ করে দেন। এরপর আর গেট খুলতে দেখা যায়নি। কাউকে প্রবেশও করতে দেয়নি।

মোহাম্মদপুর থেকে আসা আসাদ লিমন বলেন, আমি নিয়মিত ভ্লগ করি। সকাল ৮টায় এসে লাইনে দাঁড়িয়েছি। ১১টা ২০ মিনিটে পর্যন্ত আমার সামনে প্রায় ৫০ জন মানুষ আছে। আজ আর মনে হয় না উঠতে পারবো। অনেকক্ষণ যাবৎও লাইন সামনে যায়নি।

মিরপুর-১০ থেকে আসা আবির হোসেন বলেন, দুই ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু ভিতরে ঢোকার আগেই গেইট আটকে দিয়েছে। আজকে আর যেতে পারলাম না। সময় করে মেট্রোরেলে শুধু ভ্রমণ করতে আসছিলাম, কিন্তু আজ আর উঠতে পারলাম না। আবার কবে সময় করে আসতে পারবো আর মেট্রোরেলে উঠতে পারবো, সেটা জানি না।

দুপুর ১২টার পরও মেট্রো রেলের আগারগাঁও স্টেশনের নিচে শতাধিক মানুষের ভিড় ছিল। তারা মেট্রোরেলে উঠতে না পেরে হতাশা প্রকাশ করেছেন।

মেট্রোলের আগারগাঁও স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা শেরেবাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর মহেশ চন্দ্র সিংহ দুপুর ১২টায় সোনালী নিউজকে বলেন, আজকের মত মেট্রোরেল বন্ধ হয়ে গিয়েছে। সবাইকে আগামীকাল আসতে হবে। মেট্রোরেল সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলাচল করবে।

বিনিয়োগবার্তা/এমআর//