Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, কৃষি উৎপাদনের সাফল্যের কারণেই করোনা পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ নানান বৈশ্বিক সংকটের মধ্যেও দেশ অনেকটা স্বস্তিতে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব ওয়াহিদা আক্তারের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একইসঙ্গে মন্ত্রী বিদায়ী কৃষিসচিব মো. সায়েদুল ইসলামকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।

তিনি বলেন, অভ্যন্তরীণ উৎপাদন ভালো হয়েছে বলেই দেশে সবচেয়ে কম পরিমাণ চাল আমদানি হওয়ার পরও কোনো রকম খাদ্য সংকট হয়নি। এ সময়ে পেঁয়াজের উৎপাদন বেড়েছে, এটি নিয়ে এখন আমরা স্বস্তিতে আছি।

তিনি আরো বলেন, আমরা তিন বছরের মধ্যে ভোজ্যতেলের চাহিদার ৪০ ভাগ দেশে উৎপাদন করতে কাজ করছি। এবছর দেশে সরিষার রেকর্ড আবাদ হয়েছে, এ লক্ষ্যমাত্রাও অর্জিত হবে।

নবনিযুক্ত কৃষিসচিব ওয়াহিদা আক্তার দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি উৎপাদন ও উন্নয়নে যে অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে, সেটিকে শুধু অব্যাহত রাখা নয়, তাকে আরও বেগবান করতে কাজ করে যাব।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী ও মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর/সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//