
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, নেত্রকোনা জেলা সাহিত্য সংস্কৃতির দিক থেকে অনেক সমৃদ্ধ। এ জেলার সাহিত্য কর্ম দিয়ে বৃহত্তর মহয়নসিংহকেও সমৃদ্ধ করেছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুই দিনব্যাপী নেত্রকোনা জেলা সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বৃহত্তর ময়মনসিংহ এলাকার অংশ হিসেবে এক সময় নেত্রকোনাকে চেনা হতো। তখন লেখা হয়েছিল বিশ্বখ্যাত ময়মনসিংহ গীতিকা। তৎকালীন সময়ে ময়মনসিংহ গীতিকা না লিখে এখন লেখা হলে গীতিকাটির নামকরণ হয়ত করা হতো নেত্রকোনা গীতিকা বলেও মন্তব্য করেন তিনি।
জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির সমন্বয়ে জেলা প্রশাসন দু’দিনব্যাপী এ মেলার আয়োজন করে। মেলায় রয়েছে- প্রবন্ধ পাঠ, লেখক কর্মশালা, কবি কণ্ঠে কবিতা ও ছড়া পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল, সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শামীম খান, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল প্রমুখ।
বিনিয়োগবার্তা/এমআর//