Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 30 Dec 2022 20:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: রাষ্ট্রীয় তহবিলের ক্ষতি সংক্রান্ত নতুন একটি মামলার রায়ে মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চিকে আরো সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এ নিয়ে একাধিক মামলায় মিয়ানমারের কারাবন্দি নেত্রী ৩৩ বছরের দণ্ড পেলেন। খবর: স্কাই নিউজ।

গত বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। তখন থেকে কারাগারে রয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী সু চি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) হেলিকপ্টার ইজারা ও ব্যবহার জনিত দুর্নীতির অভিযোগে সু চিকে আদালত সাত বছরের কারাদণ্ড দেয়। অভিযোগে বলা হয়, নিজের ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় তহবিলের ক্ষতি করেছেন এই নেত্রী।

এর আগে কভিড বিধি ভেঙে প্রচারণা, বেআইনি বেতার সরঞ্জামের মালিকানা, উস্কানি, রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গ ও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার দায়ে সু চিকে মোট ২৬ বছরের কারাদণ্ড দেয়া হয়।

সামরিক জান্তা এই সাজাকে যথাযথ প্রক্রিয়া অনুসারে হয়েছে বলে উল্লেখ করলেও সু চির পক্ষ থেকে বরাবরই তা অস্বীকার করা হয়েছে।

সু চির নেতৃত্বে ২০১১ সালে ৪৯ বছরের সেনা শাসন থেকে মুক্ত হয় মিয়ানমার। গত বছর সামরিক বাহিনী ক্ষমতা দখলে নিলে দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিরোধের সূচনা হয়। ওই সময় হাজারের বেশি মানুষ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়। তখন থেকেই বন্দি আছেন সু চি ও তার দলের বেশির ভাগ নেতা।

বিনিয়োগবার্তা/এসএএম//