Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 31 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতি গঠনে কমরেড মণি সিংহের মতো সৎ ও ত্যাগী রাজনীতিকের অবদান যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) কমরেড মণি সিংহের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  এক বাণীতে এ কথা বলেন রাষ্ট্রপতি।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, উপমহাদেশে কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি)  প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহের ৩২তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার।

রাষ্ট্রপতি মণি সিংহের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, কমরেড মণি সিংহ উপমহাদেশের ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলন, স্বৈরাচারী পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাঙালির স্বাধিকার অর্জনের সংগ্রামসহ সারাজীবন শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। কমরেড মণি সিংহ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি কমিউনিস্ট পার্টি, ন্যাপ ও ছাত্র ইউনিয়নের কর্মীদের সংগঠিত করে গেরিলাবাহিনী গঠন করে প্রত্যক্ষ যুদ্ধে অসাধারণ অবদান রেখেছিলেন।

আবদুল হামিদ বলেন, কমরেড মণি সিংহ তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ ও সততার অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এ বিপ্লবী নেতা যুগ যুগ ধরে তরুণ প্রজন্মের জন্য আদর্শ ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কমরেড মণি সিংহের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তিনি স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

রাষ্ট্রপতি কমরেড মণি সিংহের ৩২তম মৃত্যুবার্ষিকীতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

বিনিয়োগবার্তা/এমআর//