
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতাবিরোধীরা চায় না বাংলাদেশ আত্মমর্যাদাশীল জাতি হোক। স্বাধীনতাবিরোধীরা পরাজয়ের গ্লানি এখনো ভুলতে পারেনি। তাই সুযোগ পেলেই পাকিস্তানের প্রশংসা করতে কার্পণ্য করে না।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সিলেটের জকিগঞ্জ উপজেলায় মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আওয়ামী লীগ সরকারই সবসময় কাজ করেছে এবং করছে। অন্যরা যখন ক্ষমতায় ছিল শুধু লুটপাট করেছে। যাদের কাছে এতিমের টাকা নিরাপদ নয়, ১৭ কোটি জনগণের সম্পদও তাদের কাছে নিরাপদ নয়।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা এখন ন্যূনতম ২০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এছাড়া অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করে দেওয়া হচ্ছে।
বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে হাসপাতালে চিকিৎসাসেবা পাচ্ছেন উল্লেখ করে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, জেলা, উপজেলাসহ দেশের বিশেষায়িত হাসপাতালগুলোয় চিকিৎসা, ওষুধ, টেস্ট যা প্রয়োজন তার সবই বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় সিলেট-৫ আসনের এমপি ড. হাফিজ আহমদ মজুমদার, সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আহমদ আল কবির, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এমআর//