Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 31 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পদ্মাসেতু বাংলাদেশের মর্যাদার প্রতীক। এই একটি সেতু নির্মাণের কারণে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকায় কসবা সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক, গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হকের মাতা মরহুমা জাহানারা হক ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ চারজনকে গুণীজন সংবর্ধনা এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু নির্মাণ করেছেন। এটি শুধু একটি সেতু নয়, এটি বাংলাদেশের জনগণের নিজেদের শক্তিতে বড় কিছু করার প্রতীক। আমরা করতে পারি, আমাদের কাছে কিছুই অসম্ভব নয়, সেটা প্রমাণ করার একটি প্রতীক হচ্ছে পদ্মাসেতু।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত জুন মাসে পদ্মাসেতু চালু করেছেন, ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল চালু করেছেন, আগামী কিছুদিনের মধ্যে কর্ণফুলী ট্যানেল এবং আরো ফোর লেন রাস্তার উদ্বোধন করবেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। আমরা সেই অবস্থান ধরে রাখতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য যা করা প্রয়োজন, সেটা আমাদের করতে হবে। 

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উত্তরা গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান মিন্টু, প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া প্রমুখ বক্তৃতা করেন।

বিনিয়োগবার্তা/এমআর//