Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 31 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মে‌ট্রোপ‌লিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পুলিশের ওপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়া হবে। গতকাল শুক্রবা‌রের ঘটনায় জড়িত জামায়াত নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শনিবার (৩১ ডিসেম্বর) রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নিতে গি‌য়ে সাংবাদিকদের এ কথা বলেন ‌তি‌নি। শুক্রবার মৌচাক-মালিবাগে জামায়াত ইসলামের নেতা-কর্মীদের হামলায় আহত হন পু‌লিশ সদস‌্যরা।

জামায়াত-শিবির অতীতে যে নৈরাজ্য কর্মকাণ্ড চালিয়েছিল তা নতুন করে আর কোনোভাবেই ফিরতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ ক‌রে ডিএমপি কমিশনার বলেন, অতীতে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে জামায়াতের নেতাকর্মীরা, তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ ঘটিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে। আমরা কোনোভাবেই আর মেনে নেব না। যত কঠোর ব্যবস্থা নেয়া দরকার নেয়া হবে।

খন্দকার গোলাম ফারুক বলেন, অবৈধভাবে নিষেধাজ্ঞা অমান্য করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। এতে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের ১১ জন সদস্য আহত হয়েছেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। জামায়াতের অতীত ইতিহাস ফিরে আসুক, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না।

জামায়াতের মিছিল বের হওয়ার তথ্য ছিল কি না— জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমাদের পুলিশ প্রস্তুত ছিল। তারা প্রথমে বায়তুল মোকাররম থেকে মিছিল বের করার তথ্য প্রচার করেছে, সেখানে আমাদের পুলিশ ছিল। মিছিল বের করার চেষ্টা করেছিল। সঙ্গে সঙ্গে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা মৌচাক-মালিবাগ এলাকায় মিছিল বের করে। আপনারা জানেন, ওই এলাকা তিন থানার মোড়, ফলে প্রত্যেক থানা নিজ নিজ এলাকায় প্রস্তুতি নেয়। কিন্তু এই সুযোগে বিচ্ছিন্নভাবে একত্রিত হয়ে মিছিল বের করে তারা। মৌচাকে পুলিশ তাদের বাধা দেয়ায় সংঘর্ষ হয়।

জামায়াতের আমির গ্রেপ্তার আছে। কিন্তু নির্দেশদাতা হিসেবে বাইরে থাকা শীর্ষ নেতাদের বিরুদ্ধে কোনো অভিযান হবে কি না— জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাত থেকেই অভিযান চলছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।

বিনিয়োগবার্তা/এমআর//