Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামী ৫-৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা লিট ফেস্টের দশম আয়োজন। এতে অংশ নেবেন পাঁচ মহাদেশের পাঁচ শতাধিক বক্তা। চার দিনের এই আয়োজনে থাকবে কথোপকথনের একটি বৈচিত্র্যময় মিশ্রণ, বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু ও তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা। রবিবার (১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিট ফেস্টের অন্যতম সহপরিচালক সাদাফ সায এ সব তথ্য জানান।

তিনি বলেন, অনেক আনন্দের ও গর্বের একটি আয়োজন ঢাকা লিট ফেস্ট। আমাদের গর্বের বিষয় যে বিশ্বের বড় মাপের লেখকরা আমাদের সঙ্গে থাকবেন এবার।

লিট ফেস্টে অংশ নেবেন নোবেল বিজয়ী লেখক আব্দুলরাজাক গুরনাহ। থাকছেন নুরুদ্দিন ফারাহ, অমিতাভ ঘোষ, হানিফ কুরেশী, পঙ্কজ মিশ্র, টিলডা সুইন্টন, জন লি এন্ডারসন, অঞ্জলি রউফ, সারাহ চার্চওয়েল, গীতাঞ্জলি শ্রী, ডেইজি রকওয়েল, গ্রন্থার ফ্রয়েড, অ্যালেকজান্দ্রা প্রিঙ্গেল, ডাইম সারাহ গিশ্বার্ট, মারিনা মাহাথির, জয় গোস্বামী, কামাল চৌধুরী, মুহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, মাসরু আরেফিন, মারিনা তাবাসসুম, সৈয়দ মনজুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, কায়সার হক, শাহীন আখতার, অমিতাভ রেজা এবং আজমেরী হক বাঁধনসহ অনেকেই।

সাহিত্যের এই উৎসবে ১৭৫টির বেশি সেশনে অংশ নিচ্ছেন পাঁচটি মহাদেশের পাঁচ শতাধিক বক্তা, শিল্পী ও চিন্তাবিদ। তত্ত্বাবধানে রয়েছেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার ও ড. কাজী আনিস আহমেদ।

অনুষ্ঠানে লিট ফেস্টের সহপরিচালক ড. কাজী আনিস আহমেদ বলেন, আমরা লিট ফেস্টকে দেখি ‘ফেস্টিভ্যাল অব আইডিয়া’ হিসেবে। যদিও এখানে সাহিত্য একটি মুখ্য বিষয়। এবারের আয়োজনে আমরা চলচ্চিত্র নিয়েও আলাপ করবো। টিলডা সুইন্টন আসছেন, সঙ্গে আমরা আমাদের নির্মাতাদের রাখবো। ওটিটি নিয়ে অনেক আলাপ হচ্ছে। সেটা নিয়েও আমরা এখানে কথা বলবো।

আহসান আকবার বলেন, আমরা স্বাস্থ্য নিয়ে অনেকগুলো আলোচনা রাখছি। আগামী দিনে মহামারী যেন না আসে সেজন্য আমরা কীভাবে প্রস্তুতি নিতে পারি, আমাদের আরেকটা ভ্যাকসিন যেন না লাগে, সুস্থ থাকতে কী খাওয়া উচিত সেজন্য চিকিৎসক, শেফদের আমরা এই আয়োজনে যুক্ত করেছি।

ঢাকা লিট ফেস্টে এবারই প্রথম টাকার বিনিময়ের টিকিট নিতে হচ্ছে। অনলাইনে ও সশরীরে টিকিট কেনার সুযোগ থাকছে। ১২ বছরের কম বয়সী ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//