Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার কোটি টাকা। ২০২১ সালে এর পরিমাণ ছিলো ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ব্যাংকটির আমানত বেড়েছে ৬ হাজার কোটি টাকা। রোববার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আফজাল করিম এ তথ্য জানান।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বলেন, বিদায়ী- ২০২২ সাল শেষে ব্যাংকটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮৪ হাজার ৬০০ কোটি টাকা। এর আগের বছর এর পরিমাণ ছিলো ৬৯ হাজার কোটি টাকা। অর্থাৎ আগের তুলনায় ব্যাংকটির ঋণপ্রবাহ বেড়েছে। একই সময়ে পারফর্মিং লোনের পরিমাণও বেড়েছে। এতে সুদ আয়ের পরিমাণ বেড়েছে। যদি নন-পারফর্মিং লোন বেশি থাকতো তাহলে এত আয় হতো না। কারণ, নন-পারফর্মিং লোনের সুদের আয় দেখানো যায় না। বিদায়ী বছরে সোনালী ব্যাংকের ইন্টারেস্ট ইনকাম দাঁড়িয়েছে ৩ হাজার ৭৬৯ কোটি টাকা, যা গত বছরের চেয়ে ১ হাজার ১২২ কোটি টাকা বেশি। আর আমাদের নেট ইন্টারেস্ট মার্জিন এ বছর ৩৫৩ কোটি টাকা।

তিনি আরও বলেন, সংকটের মধ্যেও সোনালী ব্যাংক ৪১ হাজার কোটি টাকার সরকারের এলসি খুলেছে। এর মধ্যে খাদ্য, সার ও পেট্রোলিয়াম আমদানিতে এসব অর্থের বেশি পরিমাণ ব্যয় করা হয়েছে। দেশের স্বার্থে সোনালী ব্যাংক এসব কাজগুলো করে যাচ্ছে। এলসি থেকে ব্যাংকের কোনো ক্ষতি হয়নি। মূলত সরকারি এলসিগুলো নামমাত্র কমিশন মূল্যে খোলা হয়েছে। কারণ এলসি থেকে আয় খুব কম ১০০ টাকায় কখনো ৪০ বা ৮০ পয়সার মতো। রূপপুর পারমাণবিক প্রকল্পে সোনালী ব্যাংকের কোনো এলসি পেন্ডিং নেই বলেও জানান তিনি।

এছাড়াও তিনি বলেন, বিদায়ী বছর শেষে রেকর্ড ২ হাজার ৫০৩ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে সোনালী ব্যাংক। আগের বছর পরিচালন মুনাফা ছিল ২ হাজার ১০০ কোটি টাকা। জামানত ও ঋণের আনুপাতিক হার বর্তমানে ৬০ শতাংশ, যা আগের বছরের চেয়ে ৯ শতাংশ বেশি। আগের বছর ছিলো ৫১ শতাংশ।

বিনিয়োগবার্তা/এসএএম//