
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বিদ্যুৎ ব্যবস্থাপনা স্মার্ট হতে হবে। মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তিবান্ধব জনগোষ্ঠীই স্মার্ট বাংলাদেশ গড়ার নেপথ্যে কাজ করবে।
রবিবার (১ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে ডিপিডিসির স্মার্ট গ্রিডের পাইলট প্রকল্প শীর্ষক কর্মশালায় বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ বলেন, সাধারণ মানুষ প্রযুক্তি নির্ভর হতে সময় নেয়। তাদের উদ্বুদ্ধ করে আধুনিক করতে হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিশাল এলাকা দ্রুত আধুনিকায়নের আওতায় আনা উচিত। বিভিন্ন দপ্তরের কার্যক্রম সমন্বয় করে সমন্বিতভাবে প্রযুক্তিবান্ধব পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় উপকেন্দ্র নির্মাণ ও প্রসার, ক্যাপাসিটর ব্যাংক স্থাপন ও পাওয়ার সিস্টেম স্মার্ট গ্রিড প্রবর্তন হবে।
যুক্তরাষ্ট্রের এনকে সফট কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত জন চৌধুরী স্মার্ট গ্রিড কীভাবে কাজ করবে তার ওপর একটি ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অন্যদের মধ্যে গ্লোবাল ব্র্যান্ড কমিউনিকেশন ইউএসএ-এর পরিচালক ফারজানা ইয়াসমিন আশা প্রমুখ বক্তব্য দেন।
বিনিয়োগবার্তা/এমআর//