
নিজস্ব প্রতিবেদক: নরসিংদী বাজারে কর্মরত দুই আনসার সদস্যের কাছ থেকে লুট হওয়া দুটি শটগান উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এর সঙ্গে জড়িত ১০ ডাকাতকে গ্রেফতার করা হয়।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম।
গ্রেফতারকৃতরা হলো-শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর গণি মল্লিকের কান্দি এলাকার মোহাম্মদ দেওয়ানের ছেলে আনোয়ার দেওয়ান (৪২), একই জেলার দাইমুদ্দিন খলিফারকান্দি এলাকার সিরাজ খলিফার ছেলে দেলোয়ার খলিফা (৩৭), একই এলাকার মৃত সিরাজ খলিফার ছেলে মতি খলিফা (৪২), বিকিনগর মোড়লকান্দি এলাকার মৃত নূরুদ্দিন মোড়লের স্ত্রী আলেয়া বেগম (৪৫), মাদারীপুর জেলার উত্তর কাউয়াকুড়ি এলাকার মৃত ফজলু হাওলাদারের ছেলে কালু হাওলাদার (৩৮) ও ফরিদ হাওলাদার (৪৫), একই জেলার শিবচর উপজেলার হাজী জব্বর হাওলাদারকান্দি এলাকার আব্দুর রব খাঁ'র ছেলে ফারুক খাঁ (২১), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার শেখ আব্দুল মালেকের ছেলে শেখ আল মামুন (৩২), একই জেলার আফরা এলাকার মৃত শেখ মহিউদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৫৭) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাজিবিশারা এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৭)।
এসপি বলেন, ২৬ ডিসেম্বর রাতে নরসিংদী বাজারস্থ অস্থায়ী ক্যাম্পে চার আনসার সদস্য কর্মরত ছিলেন। এ সময় ১৬-১৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল আনসার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১০ রাউন্ড গুলিসহ দুটি শটগান লুটে নেয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদী, মুন্সিগঞ্জ,
ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট এবং খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুট হওয়া দুটি অস্ত্র, দুই রাউন্ড গুলিসহ ১০ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্য ডাকাতদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
গত ২৬ ডিসেম্বর নরসিংদী বাজারস্থ অস্থায়ী ক্যাম্পে রাতে পাহারার সময় দুই আনসার সদস্যকে জিম্মি করে অস্ত্র ছিনিয়ে নেয় ডাকাত দল। এ ঘটনায় আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি মামলা করেন।
নরসিংদী আনসার ও ভিডিপির জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, ডাকাতদল নদী পথে বাজারে ঢুকে। তারা মূলত স্বর্ণের দোকান লুট করতে আসে। ওই সময় আনসার সদস্যরা সামনে পড়ে যায়। এত রাতে তারা বাজারে অসার কারণ জানতে চায়। তখন ডাকাতরা তাদের বেঁধে অস্ত্র লুট করে নেয়।
বিনিয়োগবার্তা/এসএল//