
নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম-এ ভূষিত হয়েছেন ১১৫ পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার (৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন।
এর আগে, গত ১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশ সপ্তাহে এবার বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পাচ্ছেন ১১৫ পুলিশ কর্মকর্তা। এতে জানানো হয়, ২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ২৫ জনকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ প্রদান করা হলো।
এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ৫০ জনকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদান করা হলো।
পুলিশ সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে জাতীয় দৈনিক পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এ উপলক্ষে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পুলিশ সপ্তাহ ২০২৩-এর উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে— প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) স্টল পরিদর্শন, পুলিশ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর কল্যাণ প্যারেড, প্রধানমন্ত্রী কর্তৃক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণ, আইজিজ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদক উদ্ধার পুরস্কার বিতরণ, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মেলন।
বিনিয়োগবার্তা/এমআর//