
নিজস্ব প্রতিবেদক: পৌষের শীতে সারাদেশের পাশাপাশি রাজধানীবাসীও নাকাল। মাত্র এক দিনের ব্যবধানে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা।
মঙ্গলবার (৩ জানুয়ারি) আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, ঢাকায় মঙ্গলবার দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
এতে ঢাকায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে গেছে অন্তত ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি হিমেল হাওয়া বইছে। এতে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে।
এদিকে শ্রীমঙ্গল ছাড়া দেশে আর কোথাও শৈত্যপ্রবাহ নেই। সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহার অঞ্চলে একটা কুয়াশা অঞ্চল ছিল। সেটি ধীরে ধীরে বেড়ে বাংলাদেশে প্রবেশ করছে।
এজন্য দেশের সব জায়গায় শৈত্যপ্রবাহ না থাকলেও বেশি শীত অনুভূত হচ্ছে। আরো চার থেকে পাঁচ দিন শৈত্যপ্রবাহ থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
বিনিয়োগবার্তা/এমআর//