Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 08 Jan 2023 18:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দিদিয়ের দেশমের যাত্রাটা বেশ দীর্ঘ। এক যুগেরও বেশি সময় ধরে ফ্রান্সের কোচ হিসেবে আছেন এই বর্ষীয়ান ভদ্রলোক। অনেকেই তাই ভেবেছিলো কাতার বিশ্বকাপেই শেষ হতে পারে দেশমের যাত্রা। 

তবে উল্টো পথে হাটলো ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। দেশমের সঙ্গে চুক্তি নবায়ন করেছে তারা। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপেও ফ্রান্সের ডাগআউটে দেখা যাবে ২০১২ সালের ৮ জুলাই দায়িত্ব নেয়া দেশমকে। 

সবকিছু ঠিক থাকলে ২০১৮ সালে কোচ হিসেবেও ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দেশম ২০২৬ বিশ্বকাপেও এমবাপ্পেদের কোচ থাকবেন। চুক্তি নবায়নের সুখবরটা দিয়েছেন ৫৪ বছর বয়সী দেশম নিজেই। 

আগের চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত ফ্রান্সের দায়িত্বে থাকার কথা ছিল দেশমের। তবে সেটা বাড়তে যাচ্ছে আরো দুই বছর। এফএফএফের সাধারণ সভা শেষে চুক্তির মেয়াদ বাড়ানোর খবর দিয়েছেন দেশম। 

দেশম বলেন, ‘আমি এখন এমন একটা কিছু ঘোষণা করতে যাচ্ছি, যেটি আমার জন্য খুব খুশির খবর। খবরটা হলো সভাপতি সিদ্ধান্ত নিয়েছেন, আমার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়াতে।'

তিনি আরো বলেন, 'আমাকে সব সময় সমর্থন দিয়ে যাওয়ায় ও আমার ওপর আস্থা রাখার জন্য সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি। ফ্রান্স দলের সবকিছু ঠিকঠাক চলতে এমন কিছুরই দরকার ছিল।’

২০১৪ সালে দেশমের অধীনে খেলা প্রথম বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠে ফ্রান্স। শেষ আটে ফরাসিদের দৌড় শেষ হয়েছিল ওই বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানির কাছে হেরে। বিশ্বকাপের আগেই অবশ্য চুক্তির মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ায় এফএফএফ। 

দুই বছর পর দলকে ইউরোর ফাইনালে তুললেও শেষ হাসি হাসতে পারেননি দেশম। তবে সেটি আরও চার বছরের জন্য দেশমের ফ্রান্সের কোচ থাকায় বাধা হতে পারেনি। তবে ২০১৮ বিশ্বকাপেই দেশকে এনে দেন দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।

বিনিয়োগবার্তা/এসএল//