
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিল্প-সংস্কৃতির প্রকাশ ও বিকাশের ওপরই একটি জাতির আত্মপরিচয় ফুটে ওঠে। বাংলাদেশ শিল্প-সংস্কৃতিতে সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে।
শনিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৯তম দ্বি-বার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্পিকার বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামেই বাংলাদেশের শিল্পীরা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তাদের ভূমিকা বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে চারুকলা প্রদর্শনীটি উৎসর্গ করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বিশ্বাস করতেন যে মানুষের মানবিক উন্নয়নের মাধ্যমে সৃষ্টিশীল জাতি গঠনে শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের ১১৪টি দেশের বরেণ্য চারুশিল্পী, জুরিবোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম প্রমুখ।
বিনিয়োগবার্তা/এমআর//