Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বাংলাদেশের রেশমশিল্পকে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। এ শিল্পকে লাভজনক শিল্প হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার এ খাতে নানামুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

রবিবার (৮ জানুয়ারি) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এসব কথা বলেন তিনি।

পাট মন্ত্রী বলেন, বাংলাদেশের রেশমশিল্পকে এমন মডেল হিসেবে তৈরি করতে চাই, যেন ভবিষ্যতে বিশ্বব্যাপী এই মডেল অনুসরণ করতে পারে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এই শিল্পকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে কাজ করছে।

মন্ত্রী বলেন, রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সরকার দেশব্যাপী তুঁতচাষ কার্যক্রম পরিচালনা করছে। কম খরচে উন্নতমানের রেশম কাপড় তৈরির জন্য প্রযুক্তির উৎকর্ষ অপরিহার্য।

তিনি বলেন, বিদেশ থেকে আমদানিকৃত সুতার উপর প্রায় ৬০ শতাংশ কর আরোপ করার পরেও প্রতিযোগী দেশের সঙ্গে পেরে উঠছি না। তাই প্রযুক্তিগত কোথাও না কোথাও ঘাটতি রয়েছে।

সভায় এমপি ফজলে হোসেন বাদশা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//