
নিজস্ব প্রতিবেদক: দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণকারী ৫০টি তফসিলি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে অংশগ্রহণ চুক্তি (Participation Agreement) সম্পাদন করা হয়েছে।
রোববার (৮ জানুয়ারি, ২০২৩) এই চুক্তি সম্পাদিত হয়। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে একটি চুক্তি সম্পাদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে গভর্নর তাঁর বক্তৃতায় উল্লেখ করেন যে, বিগত বছরগুলোতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত পুনঃঅর্থায়ন স্কিমসমূহ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুনভাবে গঠিত ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি জানান যে, এ স্কিমে গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার হবে ৪%।
গভর্নর মহোদয় বলেন যে, বর্তমান পরিস্থিতিতে কৃষি উৎপাদনকে সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হচ্ছে। এ কারণে কৃষি খাতে ঋণ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকসমূহের চাহিদার নিরিখে প্রয়োজনে স্কিমের তহবিলের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে।
গভর্নর উল্লেখ করেন যে, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্কিমের পাশাপাশি চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতায় ৩০,৯১১ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে সচেষ্ট হতে হবে।
গভর্নর আরও বলেন, কৃষি খাতের উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে নিত্যপণ্যের আমদানি নির্ভরতা বহুলাংশে হ্রাস পাবে যা দেশের সামষ্টিক অর্থনীতির ভিতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেপুটি গভর্নর এ, কে, এম সাজেদুর রহমান খান উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংক লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও সেলিম আর. এফ. হোসেন তাদের বক্তৃতায় স্কিমটি যথাযথভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যাংকসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অংশগ্রহণ চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ এবং স্ব-স্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকগণ স্বাক্ষর করেন।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//