Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 09 Jan 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তার পদোন্নতি হয়েছে। এদের মধ্যে মোঃ জাকের হোসেন পরিচালক হতে নির্বাহী পরিচালক এবং মোহাম্মদ আশিকুর রহমান অতিরিক্ত পরিচালক হতে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। বিগত ১ জানুয়ারি, ২০২৩ তারিখ হতে এই দু জনের পদোন্নতি কার্যকর হয়েছে।

জানা যায়, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক ছিলেন মোঃ জাকের হোসেন। তিনি ১৯৯০-১৯৯৩ সাল পর্যন্ত বিআইবিএম এর ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কর্মরত ছিলেন এবং ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ ব্যাংক, মতিঝিল অফিসের ডিএবি, অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, প্রধান কার্যালয়ের এইচআরডি, ডিওএস, একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট, ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এফইআইডি, চট্টগ্রাম অফিস, এমআরএ, গৃহায়ন তহবিল ও ফান্ড ম্যানেজমেন্ট ইউনিট এবং এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। 

মোঃ জাকের হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে  স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইন্সটিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (IBB) হতে DAIBB ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ভারত, শ্রীলংকা, সুইজারল্যান্ড , যুক্তরাজ্য, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিভিন্ন সংস্থায় আয়োজিত সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি বর্তমানে একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এবং গৃহায়ন তহবিল ও ফান্ড ম্যানেজমেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি’র অতিরিক্ত পরিচালক ছিলেন মোহাম্মদ আশিকুর রহমান। তিনি ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ইতিপূর্বে তিনি ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বিশ্বব্যাংক অর্থায়িত প্রকল্প-সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট এবং ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। 

আশিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (BIBM) হতে DCAP এবং ইন্সটিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (IBB) হতে DAIBB ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিভিন্ন সংস্থা আয়োজিত প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং, ফরেন অ্যাসেট ও রিজার্ভ ম্যানেজমেন্ট, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, টিওটি, ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ইত্যাদি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের ‘এটুআই’ প্রজেক্ট কর্তৃক পরিচালিত ‘ইনোভেশন ইন পাবলিক সার্ভিসেস’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সময় রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ০৪ জানুয়ারি ২০২৩ তারিখে প্রধান কার্যালয়ের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টে পরিচালক পদে যোগদান করেছেন। 

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//