
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যবসায়িদের শীর্ষ দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস সামিট -২০২৩’ শীর্ষক ব্যবসায়ি সম্মেলনে শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) সদ্য সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ। আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে গ্রেট ব্রিটেনসহ ইউরোপিয় অঞ্চলের একটি বড় ব্যবসায়ি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ১১ মার্চ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ বিজনেস সামিট -২০২৩’ শীর্ষক এ ব্যবসায়ি সম্মেলনের উদ্বোধন করবেন। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও এফবিসিসিআই’র এ ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত তিনদিনব্যাপি এই সম্মেলনটি ১৩ মার্চ পর্যন্ত চলবে। এতে যোগদানের জন্য ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) এর সাবেক প্রেসিডেন্ট মো. বশির আহমেদসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে কার্যরত ব্যবসায়িদের সংগঠনসমূহের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের ব্যবসায়ি নেতৃবৃন্দ বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন চিত্র ও বাণিজ্য-বিনিয়োগের নানা সম্ভাবনার কথা দেশি- বিদেশি ব্যবসায়িদের সামনে তুলে ধরবেন। এতে ব্যবসা-বাণিজ্যের নানাদিক নিয়ে একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানের মাধ্যমে বিদেশিদেরকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হবে।
এফবিসিসিআই’র এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষসহ অনান্য সংস্থাগুলো সহযোগিতা করছে।
বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//