
তথ্য-প্রযুক্তি ডেস্ক: আগামীকাল ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি থাইল্যান্ডের ফুকেট শহরে বসবে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)-এর ২৪ তম আসর।
রোবটিক্সের মেধা অন্বেষণের এ বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে বাছাইকৃত সেরা ১৪ শিক্ষার্থী।
২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের ১৪ সদস্য হলেন- উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহরুজ মোহাম্মদ আয়মান, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শবনম খান, সানবিমসের শিক্ষার্থী নাশীতাত যাইনাহ্ রহমান, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওমর করিম, চিটাগাং গ্রামার স্কুল-ঢাকার শিক্ষার্থী কাজী মোস্তাহিদ লাবিব, ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, ভাঙ্গুড়া পাবলিক স্কুলের শিক্ষার্থী বি. এম হামীম, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইশা সোবহান মুনা ও সামিয়া মেহনাজ, রাজশাহী কলেজের শিক্ষার্থী সাদিয়া আনজুম পুষ্প, সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থী মার্জিয়া আফিফা পৃথিবী, মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মাহির তাজওয়ার চৌধুরী এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী আবরার শহীদ।
সোমবার (৯ জানুয়ারি) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল বাংলাদেশ দলের সদস্য ১৪ শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দেন। গতবছরের ন্যায় এ বছরও বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ড. মোহাম্মদ মেহেদী হাসান এবং মোহাম্মদ সিফাত-ই-আরমান সহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ জানুয়ারি রাতে থাইল্যান্ডের ফুকেট এর উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশ দলের ১৪ জন শিক্ষার্থী।
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের সদস্য অধ্যাপক ড. লাফিফা জামাল এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সমন্বয়ক মিশাল ইসলাম ১৪ সদস্যের রোবট দলের নেতৃত্ব দেবেন।
বিনিয়োগবার্তা/এমআর//