Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 11 Jan 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দুই পর্বে অনুষ্ঠিত হতে যাওয়া মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ঐতিহাসিক বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (১১ জানুয়ারি) গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিদেশি মেহমানদের আবাসস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে ইজতেমা আয়োজনের জন্য ১৬০ একর জমি দিয়েছিলেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ইজতেমায় আগত মুসল্লিদের সেবার মান বাড়াতে এখানে ভৌত অবকাঠামোগত উন্নয়ন এবং পরিবেশ সুন্দর ও নিরাপদ করেছেন।

পুলিশ প্রধান বলেন, ইজতেমায় আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এবং ঢাকা জেলা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। বিভাগ অনুযায়ী গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

আইজিপি বলেন, ইজতেমা মাঠের নিরাপত্তায় এখানে ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম রয়েছে। পুলিশ পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবে। খিত্তাভিত্তিক নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এছাড়া, র‌্যাবের হেলিকপ্টার নিরাপত্তা টহলে নিয়োজিত থাকবে।

তিনি বলেন, ইজতেমায় আগত বিদেশি নাগরিকদের সুবিধার্থে ইমিগ্রেশন বিভাগ এবং ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে।

ইজতেমায় আগত মুসল্লিদের প্রয়োজনীয় সহযোগিতার জন্য কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করার জন্য অনুরোধ জানান আইজিপি।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, তাবলীগের উভয় পক্ষের মুরব্বিদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সভা করেছেন। তাদের সাথে আমরাও সভা করেছি। উভয় পক্ষই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইজতেমা পালন করবেন বলে আমাদের কথা দিয়েছেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশিং একটি চ্যালেঞ্জিং পেশা। আমাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলা করেই প্রতিনিয়ত কাজ করতে হয়। প্রশিক্ষণ ও অভিজ্ঞতালব্ধ জ্ঞান দিয়ে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা পুলিশের রয়েছে। 

স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোঃ আতিকুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং তাবলীগের মুরুব্বিগণ এ সময় উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩-১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ২০-২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিনিয়োগবার্তা/এমআর//