Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 13 Jan 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দুই বছর পর টঙ্গীর তুরাগ নদীর তীরে বসেছে বিশ্ব ইজতেমার জমায়েত। শুক্রবার ইতজেমা ময়দানে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি। নামাজ শেষে দুই হাত তুলে আল্লাহর কাছে অশ্রুসিক্ত চোখে প্রার্থনা করেন তারা। দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে। নামাজে ইমামতি করেন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বী মাওলানা জুবায়ের।

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। এছাড়াও তাদের সঙ্গে দেশের বৃহত্তম জুম্মার নামাজে অংশ নিতে ভোর থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে ছুটে আসেন। এসময় ইজতেমামুখী মুসুল্লিদের ঢল নামে। মূল ময়দানে জায়গা না পেয়ে জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানের আশপাশের বিভিন্ন সড়ক, ফুটপাত খালি জায়গায় অবস্থান নিয়ে নামাজ পড়েন হাজার হাজার মুসল্লি। অনেকেই বাড়ির ছাদ, নৌকা, গাড়ির ছাদে, পলিথিন, চট পত্রিকা বিছিয়ে জুমার নামাজ আদায় করেন।

এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।যা  চলবে রোববার (১৫ জানুয়ারি) পর্যন্ত। ওইদিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

 

এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিয়েছেন মাওলানা জুবায়ের অনুসারীরা। দেশের ৬৪ জেলার মুসল্লিসহ বিদেশি মুসল্লিরাও এতে অংশ নিচ্ছেন। এরপর আগামী শুক্রবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দেশের ৬৪ জেলার মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা এতে অংশ নেবেন। এছাড়াও থাকবেন বিদেশি মুসল্লিরা। একইভাবে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের (২০২৩) বিশ্ব ইজতেমা।

বিনিয়োগবার্তা/এসএইচ/এসএএম//