Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Jan 2023 20:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক:  দুদিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।  ভারতের দিল্লি থেকে শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান এ কূটনীতিক। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক নাইম উদ্দিন আহমদ ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। দক্ষিণ এশিয়ার দুই দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে এলেন তিনি।

ঢাকার মার্কিন দূতাবাসের টুইটে ডোনাল্ড লুকে স্বাগত জানিয়ে বলা হয়, ঢাকা সফরে তিনি বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে, ডোনাল্ড লু সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

লুর সফর ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র সফরের মিডিয়া নোটে বলা হয়েছিল, বাংলাদেশে লু উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা, অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ নিয়ে আলোচনা এবং শ্রম ও মানবাধিকার বিষয়ে দৃষ্টিভঙ্গি শোনার জন্য বৈঠক করবেন। লু জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম অধিকার ও মানবাধিকারসহ অগ্রাধিকারের ইস্যুতে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা করবেন।

বিনিয়োগবার্তা/এসএএম//