Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 16 Jan 2023 21:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইআরইএনএ-এর ২১ সদস্যের কাউন্সিলে এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয়েছে। 

আইআরইএনএ’র সদর দফতরে ১৪-১৫ জানুয়ারি অনুষ্ঠিত সংস্থার ১৩তম বার্ষিক অধিবেশন কাউন্সিলে ২০২৩-২৪ মেয়াদে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়। সংযুক্ত আরব-আমিরাতের রাজধানী আবুধাবিতে আইআরইএনএ’র সদর দফতর অবস্থিত। 

রবিবার (১৫ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ অধিবেশনে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত ও আইআরইএনএ-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবু জাফরের নেতৃত্বে বিদ্যুৎ বিভাগ এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

বাংলাদেশের প্রতিনিধদল এ অধিবেশনে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশের অর্জিত অগ্রগতি এবং এ ক্ষেত্রে সরকারের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। লক্ষ্য অর্জনে আইআরইএনএ-কে কারিগরি ও বিনিয়োগ সহায়তার অনুরোধ জানান।

ভিশন ২০৪১-এর অধীনে বাংলাদেশ মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশ পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

আইআরইএনএ ২০১১ সালে প্রতিষ্ঠিত নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা। এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৮। বাংলাদেশ এ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য।
 
বিনিয়োগবার্তা/এমআর//