
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, তুলা উৎপাদনকারী দেশ নাইজেরিয়া থেকে আরও তুলা আমদানির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্রেও নাইজেরিয়া একটি সম্ভাবনাময় বাজার। সোমবার (১৬ জানুয়ারি) নাইজেরিয়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দলের সাক্ষাৎকালে বিজিএমই সভাপতি এ কথা বলেন।
এ সময় বিজিএমইএ সভাপতি তৈরি পোশাকের (আরএমজি) আমদানি শুল্ক কমানোর জন্য নাইজেরিয়ান সরকারের প্রতি আহ্বান জানান এবং এ ব্যাপারে প্রতিনিধি দলের সহযোগিতা কামনা করেন।
এ প্রতিনিধি দলে ছিলেন ন্যাশনাল আইডেন্টিটি ম্যানেজমেন্ট কমিশনের মহাপরিচালক আবুবকর আলিউ আজিজ, কমিউনিকেশন কমিশনের নির্বাহী কমিশনার মাসকাউবালে আহমেদ শেহি, কমিউনিকেশন কমিশনের পরিচালক আলহাসান হারু এবং নাইজেরিয়া-বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেকনোলজি ফোরামের সভাপতি রবার্টস মোসেস আচানিয়া।
এ সময় বিজিএমইএর পরিচালক ব্যারিস্টার বিদ্যা অমৃত খান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফজলি শামীম এহসান এবং ফকির ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ উপস্থিত ছিলেন। তারা দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা বিশেষ করে পোশাক ও বস্ত্র শিল্পে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//