Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 17 Jan 2023 18:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি জারি করা হয়।

মতিয়া চৌধুরী আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী। কয়েক দিন আগে তাকে সংসদের উপনেতা করার সিদ্ধান্ত নেয়া হয় ক্ষমতাসীন দলের সংসদীয় কমিটির সভায়।

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বিষয়টি উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সমর্থন করেন আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

নিয়ম অনুযায়ী, সংসদ উপনেতা পদের জন্য কোনো ভোটের প্রয়োজন হয় না। সংসদ নেতা তার মতামত স্পিকারকে জানান। স্পিকার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠান এবং বাকি প্রক্রিয়া সম্পন্ন করেন। এ পদের জন্য কোনো শপথ নেয়ার দরকার হয় না। তবে সংসদ উপনেতা মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা পেয়ে থাকেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুতে পদটি শূন্য হয়।

বিনিয়োগবার্তা/এসএএম//