
নিজস্ব প্রতিবেদক: এক্সপো গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাঙ্গামাটি জেলার পর্যটন হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক্সপো গ্রুপের বার্ষিক সাধারন সভাটি অনুষ্ঠিত হয়। বার্ষিক এই সভায় এক্সপোফোম, এক্সপো ম্যাট্রিক্স, এক্সপো সিন্থেটিক লেদার, জেনুইন লেদার পণ্য "অক্সিজেন" এবং নতুন ভাবে যুক্ত রাঙ্গামাটি ফুড প্রোডাক্টসের কর্মীরা অংশ নেন।
বার্ষিক কনফারেন্সে শতাধিক কর্মীর উপস্থিতিতে গ্রুপের চেয়ারম্যান তানিয়া সুলতানা বলেন, প্রত্যেকটি কর্মী তার সন্তানের মতো। এক্সপো গ্রুপের সবাইকে নিয়েই তার পরিবার। তিনি বলেন, এক্সপো পরিবারে নতুনভাবে যুক্ত হওয়া রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস পরিমানে কম হলেও দেশের মানুষের জন্য মানসম্মত কিছু পণ্য নিয়ে শীঘ্রই বাজারে প্রবেশ করবে।
এ সময় এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী এফসিএমএ বলেন, তার স্বপ্ন দেশে উৎপাদিত পণ্যে বিদেশি ব্র্যান্ড তৈরি করা। তাই এক্সপো গ্রুপের জেনুইন লেদার প্রোডাক্ট অক্সিজেন এবং রাঙ্গামাটি ফুড প্রোডাক্টসের শতভাগ হালাল এবং অর্গানিক ফুডস মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বাজারে নিতে চান তিনি। ইতিমধ্যেই জাপানের ক্রেতারা এক্সপোর লেদার প্রোডাক্ট এবং রাঙ্গামাটি ফুড থেকে অর্গানিক প্রোডাক্টগুলোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। লন্ডন এবং প্যারিসে এক্সপোর্ট নতুন শোরুম বিষয়েও কোম্পানির চিন্তাভাবনা রয়েছে বলে জানান তিনি।
গ্রুপের কর্মীদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে আসাদ চৌধুরী আরো বলেন, মানুষ এখন স্বাস্থ্য সচেতন তাই তাদের হাতে মানসম্মত পণ্য তুলে দিতে হবে এক্সপো পরিবারের সদস্যদের। দেশে প্রথম কাঁচের বোতলে পাহাড়ি পানি এক্সপো গ্রুপ বাজারজাত করবে বলেও জানান তিনি।
কনফারেন্সে এক্সপো গ্রুপের বর্ষসেরা তিন কর্মী ও তিনজন বিক্রয় প্রতিনিধিকে কোম্পানির পক্ষ থেকে পুরস্কৃত করার পাশাপাশি এক ডজনের বেশি কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি দেয়া হয়।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//