Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 24 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধ দোকানপাট স্থাপনের মাধ্যমে গাড়ি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা এবং অবৈধ ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। 

অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রাখায় একটি দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 

সোমবার (২৩ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান রাস্তা ও ফুটপাত দখলের বিরুদ্ধে আনন্দ বাজার এলাকায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান অবৈধ ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করতে ফকিরাপুল এলাকায় এসব অভিযান পরিচালনা করেন। 

করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আনন্দ বাজার এলাকায় একটি দোকানকে সাময়িক বন্ধ ঘোষণা করে তাতে তালা লাগিয়ে দেন। আর কখনো রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রাখা হবে না -- করপোরেশন বরাবর এমন মুচলেকা দিলে পরবর্তীতে তাকে দোকান খোলার অনুমতি দেওয়া হবে বলে এ সময় দোকানিকে জানিয়ে দেওয়া হয়। এছাড়াও এ সময় ফুটপাতের নিচ দিয়ে অবৈধভাবে লাইন টেনে পানি বিক্রয় করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন ও পানির অবৈধ লাইনটি বন্ধ করে দেন এবং ফুটপাতে অবৈধভাবে অস্থায়ী দোকান স্থাপন করায় ২টি মামলায় ২ ব্যক্তির কাছ হতে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানকালে জব্দকৃত মালামাল উম্মুক্ত নিলামের মাধ্যমে ২১ হাজার ৫০০ টাকায় বিক্রয় করা হয়।

স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন, ২০০৯ এর ৯২ এর (৭) ও (৮) ধারায় এসব জরিমানা আদায় করা হয়। 

এদিকে ফকিরাপুল এলাকার পানির ট্যাংকির উল্টোপার্শ্বে ডি.আই.টি এক্সটেনশন রোডে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানের আদালত ৫টি বৈদ্যুতিক খুঁটি হতে অবৈধ ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করেন।   

অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, "রাস্তা ও ফুটপাত দখল করে গাড়ি ও পথচারী চলাচলে প্রতিনিয়ত নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আজ আনন্দ বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। রাস্তা ও ফুটপাত দখলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

বিনিয়োগবার্তা/এমআর//