
নিজস্ব প্রতিবেদক: দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বুধবার (২৫ জানুয়ারি)। এদিন কমিশন সভা শেষে নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা হবে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকের পর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
এর আগে, দুপুর ২টা থেকে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে স্পিকারের সঙ্গে আধঘণ্টার কিছু বেশি সময় বৈঠক করেন সিইসি। এ সময় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আব্দুস সালাম ও নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।
বৈঠকের পর ইসি কার্যালয়ে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আইনের একটি বিধান আছে। তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে কমিশনকে সাক্ষাৎ করতে হবে। সেই সাক্ষাতের জন্য আমরা গিয়েছিলাম। স্পিকারের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি।
অচিরেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, কমিশন সভা করে আমরা তফসিল ঘোষণা করবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল ১১টায় আমরা তফসিলটা উন্মুক্ত করবো। তখন আপনারা সব জানতে পারবেন। এর বেশি আজ অবহিত করার কিছু নেই।
রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের আগে স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাতের বিধান রয়েছে। সাক্ষাতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের দিন সংসদের বৈঠক নিশ্চিতকরণের বাধ্যবাধকতা রয়েছে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর তার পদে অধিষ্ঠিত থাকতে পারেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল কার্যভার গ্রহণ করেন। সে মোতাবেক তার দায়িত্বের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল।
এদিকে, রাষ্ট্রপতির মেয়াদ শেষের কারণে পদটি শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ষাট দিন থেকে নব্বই দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে।
সংবিধানের এসব বিধানের আলোকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের সময় গণনা শুরু হবে ২৪ জানুয়ারি। আর ভোট গ্রহণ করতে হবে ২৩ ফেব্রুয়ারির মধ্যে।
২০১৮ সালে সর্বশেষ এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল ঐ বছরের ২৫ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৫ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ছিল ৭ ফেব্রুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের সময় ছিল ১০ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ হয় ১৮ ফেব্রুয়ারি। সে সময় ২২ দিনের মধ্যে পুরো কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। তবে সে সময় বর্তমান রাষ্ট্রপতি একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে ২০১৩ সালের ১৪ মার্চ থেকে মো. আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ঐ বছর ২০ মার্চ রাষ্ট্রপতি জিল্লুর রহমান মৃত্যুবরণ করলে মো. আবদুল হামিদ সেদিন থেকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২২ এপ্রিল তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
এরপর ২০১৮ সালের ২৪ এপ্রিল ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মো. আবদুল হামিদ। সংবিধান অনুযায়ী, দুই মেয়াদে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ায় তিনি আর এ পদে প্রার্থী হতে পারবেন না।
বিনিয়োগবার্তা/এমআর//