Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: কমিশন সভা শেষে আজ দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে। গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।

গতকাল বেলা ২টা থেকে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আধঘণ্টার কিছু বেশি সময় বৈঠক করেন সিইসি। এ সময় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুস সালাম ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী নির্বাচনের আগে স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাতের বিধান রয়েছে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘স্পিকারের সঙ্গে আমাদের সাক্ষাৎ এবং সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সভা করবে। সভা করে আমরা তফসিলটা উন্মুক্ত করব। সে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন; সিইসি নন।’

বিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে এ পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের আগের ৬০ থেকে ৯০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন হবে।

সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয় ২০১৮ সালের ২৫ জানুয়ারি। সে সময় ১৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ থাকলেও প্রার্থী একজন থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. আবদুল হামিদ। আগামী ২৩ এপ্রিল তার মেয়াদ শেষ হবে। এবার ২৩ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//