
নিজস্ব প্রতিবেদক: আধুনিক, তথ্যনির্ভর, জনসম্পৃক্ত এবং স্মার্ট বাংলাদেশ গঠনে জেলা প্রশাসকদের ভূমিকা অনন্য বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটিয়ে আইন অনুযায়ী জেলা প্রশাসকদের নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।
বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসকরা যেভাবে করোনা অভিঘাত মোকাবিলা করেছেন, সরকারের নীতি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও তারা নিবেদিত হলে দেশ সব প্রতিকূলতা দূর করে সামনে এগিয়ে যাবে।
তিনি বলেন, সংবিধান দেশের সর্বোচ্চ আইন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর দ্রুততম সময়ে সংবিধান দিয়েছেন। নারীদের জন্য সংরক্ষিত আসন জাতির পিতার স্বপ্নের প্রতিফলন। এসময় তিনি জনগণের নিকট সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী অধিবেশন চলাকালীন প্রতি বুধবার প্রশ্নোত্তর পর্বে ৩০ মিনিটব্যাপী উত্তর প্রদান করেন বলে উল্লেখ করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদের জনপ্রতিনিধিরা মাই কন্সটিটিউয়েন্সি অ্যাপের সাহায্যে নিজ নির্বাচনী এলাকার সব তথ্য সঙ্গে সঙ্গে জানতে পারছেন, যা এসডিজি সূচক উন্নয়নে সহায়ক। জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকরা মাদক সমস্যা রোধ, বাল্যবিয়ে দূরীকরণ ও দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করলে দেশে অচিরেই আর্থসামাজিক উন্নয়নে গতিশীলতা আসবে।
সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এবং স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এবং বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বক্তব্য দেন।
এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//