
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২০৯তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ্ব আহামেদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোর্টবাজার দোকান মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল মনসুর চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজমসহ অন্যান্য অতিথিবর্গ।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ব্যাংকে কোনো প্রকার তারল্য সংকট নেই। আমানত- বিনিয়োগসহ সর্বক্ষেত্রে আমাদের ব্যাংক বর্তমানে সুদৃঢ় অবস্থানে রয়েছে। তিনি নির্ভয়ে সকলকে ব্যাংকিং করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে।
সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।
বিনিয়োগবার্ত/এমআর//