Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 31 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে চায় ল্যাটিন অ্যামেরিকার দেশ মেক্সিকো। অটোমোবাইল, ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল এবং ফিনটেক খাতে বড় সম্ভাবনা দেখছে উভয় দেশ।

সোমবার (৩০ জানুয়ারি) দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের নয়া দিল্লীতে অবস্থিত মেক্সিকো দূতাবাসের রাষ্ট্রদূত ফেডেরিকো সালাস লৎফে। এ সময় তিনি উভয় দেশের মধ্যে বাণিজ্য বৈচিত্রকরণের ওপর গুরুত্ব দেন।

মেক্সিকোর রাষ্ট্রদূত বলেন, ”বাণিজ্য সম্প্রসারণ এবং বৈচিত্রকরণের মাধ্যমে বাংলাদেশ-মেক্সিকো অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর সুযোগ রয়েছে। অটোমোবাইল, ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল, ফিনটেক প্রভৃতি খাতে বড় সম্ভাবনা দেখছে মেক্সিকো।”

মেক্সিকোর রাষ্ট্রদূত বলেন, ”বৈশ্বিক অটোমোবাইল বাজারের অন্যতম যোগানদাতা হলো মেক্সিকো। অটোমোবাইল শিল্পে মেক্সিকোর অভিজ্ঞতা এবং প্রযুক্তি বাংলাদেশের সাথে বিনিময়ে আগ্রহী আমরা। আশাকরি এটি হবে একটি ভালো উদ্যোগ।” বাংলাদেশী উদ্যোক্তাদেরও মেক্সিকোতে ব্যবসা স্থাপনের আহ্বান জানান ফেডেরিকো সালাস লৎফে।

এ সময় এফবিসিসিআই’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজন হতে যাওয়া বাংলাদেশ বিজনেস সামিটের বিষেয়ে মেক্সিকোর প্রতিনিধি দলকে অবহিত করেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। উক্ত আয়োজনে মেক্সিকোর ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করে তিনি বলেন, “তিনদিন ব্যাপি সামিটে একাধিক প্ল্যানারি সেশন অনষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে আলোকপাত হবে। এসব সেশনে আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী, ব্যবসায়ী নেতা, বাজার বিশ্লেষকসহ বিভিন্ন দেশ এবং সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।” মেক্সিকোর ব্যবসায়ী প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদেরও প্ল্যানারি সেশনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে মেক্সিকোর ব্যবসায়ীদের এফবিসিসিআই সব ধরণের সহযোগিতা করবে বলেও জানান মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র পরিচালক সৈয়দ সাদাত আলমাস কবীর, এস. এম. শফিউজ্জামান, আবু হোসেন ভূঁইয়া রানু, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হকসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা।

বিনিয়োগবার্ত/এমআর//